সাভারে একটি তৈরি পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার সদর ইউনিয়নের ১নম্বর কলমা এলাকায় অবস্থিত উইন্টার ড্রেস লিমিটেড নামক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে গিয়ে কারখানার অন্তত পাঁচ শ্রমিক আহত হলে তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
কারখানার কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঝুট গুদাম থেকে সামান্য আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আগুন দ্রুত নির্বাপণ করায় তেমন কোনো ক্ষতি হয়নি। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নির্বাপণের কাজ শুরু করি। কিন্তু ঝুটের গোডাউন হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আমাদের দুটি ইউনিটসহ কারখানার অগ্নিনির্বাপক ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
