সৌম্যর ঝড়ের পরও হারল বাংলাদেশ

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৩৯

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের হার ও মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ মিসের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গতকাল নেপিয়ারেও তাসকিন আহমেদের বলে ফিন অ্যালেনের ক্যাচ ফেলেছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা অবশ্য বেশ ঘটনাবহুল ছিল। গতির ঝড় তোলা তাসকিন এদিন দুর্দান্ত ক্যাচও ধরেছেন। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনের বলে শর্ট ফাইন লেগে এক হাতে অবিশ্বাস্য ক্যাচে গাপটিলকে ফেরত পাঠান তাসকিন। দুরন্ত ব্যাটিংয়ে পালটা আক্রমণ করেছেন সৌম্য সরকার। তা অবশ্য বাংলাদেশের হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি। বৃষ্টির বাধার মুখে পড়া ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশের টার্গেটও কয়েক দফা পরিবর্তন হয়েছিল।

গতকাল ম্যাকলিন পার্কে সিরিজের দ্বিতীয় টি-২০ তে নিউজিল্যান্ডের কাছে ডিএল মেথডে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতে ২-০ তে সিরিজ জিতে গেল নিউজিল্যান্ড। আগামীকাল অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ তে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।

নেপিয়ারে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান মাহমুদউল্লাহ। ইনিংসে দুইবার হানা দেয় বৃষ্টি। ১৩তম ওভারে আসা বৃষ্টিতে ম্যাচ বন্ধ ছিল মিনিট বিশেক। বিরতির পর খেলা শুরু হলে নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তুলতেই আবারও বৃষ্টি নামে। ব্ল্যাক ক্যাপসদের রানটা বড় হয়েছে গ্লেন ফিলিপসের ৩১ বলে অপরাজিত ৫৮ ও ড্যারেল মিচেলের ১৬ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসে। গাপটিল ২১, ফিন অ্যালেন ১৭, কনওয়ে ১৫, ইয়াং ১৪ রান করেন। মেহেদী হাসান ২টি, তাসকিন, শরীফুল, সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।

টার্গেট বিশাল হলেও সৌম্যর ঘুমন্ত ব্যাট জেগে উঠায় জয়ের আশা দেখা দিয়েছিল। কিন্তু তা পূর্ণতা পায়নি বাকিরা তাল মেলাতে না পারায়। ২৭ বলে ৫১ রানের (৫ চার, ৩ ছয়) ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে নাঈম শেখ ৮১ রানের জুটি গড়েছিলেন। এ তরুণ ওপেনারের ৩৫ বলে ৩৮ রানের ইনিংসটা পরিস্থিতির দাবি মেটাতে পারেনি। ব্যাটিংয়ে নেমে তিনবার টার্গেট পাওয়া বাংলাদেশ ৭ উইকেটে ১৪২ রান করতে সমর্থ হয়। মাহমুদউল্লাহ ২১, মেহেদী হাসান অপরাজিত ১২ রান করেন। ব্যাটিংয়ের ঝড়ের পর বোলিংয়ে এসে সৌম্যদের রানের গতি থামিয়ে দেন ৩ ওভারে ২০ রানে ১ উইকেট পাওয়া গ্লেন ফিলিপস। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরাও হন তিনি। সাউদি, বেনেট, মিলনে ২টি করে উইকেট পান।

স্কোরকার্ড

 

টস : বাংলাদেশ

 

নিউজিল্যান্ড ইনিংস                         রান বল চার  ছয়

গাপটিল ক তাসকিন ব সাইফউদ্দিন     ২১  ১৮ ২    ১

ফিন অ্যালেন ক নাঈম ব তাসকিন       ১৭  ১০ ২    ১

কনওয়ে ক মিঠুন ব শরীফুল               ১৫  ৯   ২    ০

ইয়াং স্ট্যাম্পড লিটন ব মেহেদী হাসান   ১৪  ১৭ ০    ১

গ্লেন ফিলিপস অপরাজিত                  ৫৪  ৩১ ৫    ২

চ্যাপম্যান ক অ্যান্ড ব মেহেদী হাসান     ৭    ৮   ১    ০

ড্যারেল মিচেল অপরাজিত                ৩৪  ১৬ ৬    ০

অতিরিক্ত (বা ১, লেবা ২, নো বো ২, ও ২) ৭

মোট ১৭.৫ ওভারে                          ১৭৩/৫

উইকেট পতন : ১-৩৬ (ফিন অ্যালেন), ২-৫৫ (গাপটিল), ৩-৫৫ (কনওয়ে), ৪-৯৪ (ইয়াং), ৫-১১১ (চ্যাপম্যান)।

বাংলাদেশ বোলিং : নাসুম ৪-০-২৫-০, সাইফউদ্দিন ৩-০-৩৫-১, তাসকিন ৩.৫-০-৪৯-১, শরীফুল ৩-০-১৬-১, মেহেদী হাসান ৪-০-৪৫-২।

বাংলাদেশ ইনিংস                                                                         রান           বল            চার           ছয়

মোহাম্মদ নাঈম ক গাপটিল ব ফিলিপস ৩৮  ৩৫ ৪    ০

লিটন দাস ক ফিলিপস ব বেনেট         ৬    ৫   ১    ০

সৌম্য ক মিলনে ব সাউদি                 ৫১  ২৭ ৫    ৩

মাহমুদউল্লাহ ব মিলনে                      ২১  ১২ ৪    ০

আফিফ ব মিলনে                            ২    ৪   ০    ০

মিঠুন ক কনওয়ে ব সাউদি                 ১    ২   ০    ০

মেহেদী হাসান অপরাজিত                 ১২  ৬   ০    ১

সাইফউদ্দিন ক সাউদি ব বেনেট          ৩    ৬   ০    ০

তাসকিন অপরাজিত                         ০    ০   ০    ০

অতিরিক্ত (বা ১, লেবা ১, নো বো ১, ও ৫) ৮

মোট ১৬ ওভারে                              ১৪২/৭

উইকেট পতন : ১-১৩ (লিটন), ২-৯৪ (সৌম্য), ৩-১১০ (নাঈম), ৪-১২৩ (মাহমুদউল্লাহ), ৫-১২৪ (আফিফ), ৬-১২৬ (মিঠুন), ৭-৩৭ (সাইফউদ্দিন)।

নিউজিল্যান্ড বোলিং : সাউদি ৪-০-২১-২, বেনেট ৩-০-৩১-২, মিলনে ৩-০-৩৪-২, সোধি ৩-০-৩৪-০, ফিলিপস ৩-০-২০-১।

ফল : নিউজিল্যান্ড ২৮ রানে জয়ী (ডিএল মেথড)

ম্যাচ সেরা : গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)

সিরিজ : নিউজিল্যান্ড ২-০ তে এগিয়ে