নেপিয়ারে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নজিরবিহীন কাণ্ড দেখল ক্রিকেট বিশ্ব। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশের টার্গেট ঠিক করা নিয়ে রীতিমতো নাটকই মঞ্চস্থ হয়েছে। টার্গেট বিভ্রাটে পড়ে গিয়েছিল সফরকারীরা। ব্যাটিংয়ে নামার পর দুই দফা পরিবর্তন হয়েছে বাংলাদেশের টার্গেট। ১৬ ওভারে ১৪৮ রানের টার্গেট জেনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৯ বল পরই খেলা বন্ধ করা হয়।
ম্যাচ রেফারি জেফ ক্রোর রুমে দেখা যায়, বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো, ম্যানেজার সাব্বির খানকে। ৫ মিনিট বিরতির পর জানা গেল, বাংলাদেশের টার্গেট ১৬ ওভারে ১৭০ রান। বিস্ময়ের ঘোর কাটিয়ে জানুন, সেটিও চূড়ান্ত ছিল না! বাংলাদেশের ইনিংসের ১৩ ওভার শেষে চূড়ান্ত টার্গেট দাঁড়ায় ১৭১ রান। আন্তর্জাতিক ম্যাচে এমন অপেশাদার আচরণ অতীতে দেখা যায়নি।
ম্যাচ রেফারি জেফ ক্রো এমন কাণ্ডে ক্ষমা চেয়েছেন দুই দলের কাছে। ২৮ রানে হেরে যাওয়া বাংলাদেশের কোচ ডমিঙ্গোও হতাশা ব্যক্ত করেছেন। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমার মনে হয় আমি কখনো এমন কোনো ম্যাচ দেখিনি। কেউ জানতাম না লক্ষ্য কত, ডাকওয়ার্থ লুইসের হিসেব কীভাবে হচ্ছে। পাঁচ ওভার পর কত রান রাখা চাই-কেউই জানত না। আগে কখনোই এমন ম্যাচ দেখিনি। ম্যাচ শুরু হয়ে গেছে অথচ কেউ জানেই না কত রান করতে হবে! এমনটি দেখা মোটেও সুখকর নয়।’
তিনি আরো বলেন, ‘আমাদের জন্য এটা অনেক হতাশাজনক। তারা নাকি স্কোর প্রিন্ট আউটের অপেক্ষা করছিল।’ বৃষ্টির পর ফিল্ডিংয়ে নেমে পিচ্ছিল মাঠ, বলের কারণে অনেক মিস ফিল্ডিংও হয়েছে বাংলাদেশের।
