প্রশাসনিক ভবনে তালা দিয়ে রাবি কর্মচারীদের বিক্ষোভ

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

৫ শতাংশ সুদে ঋণ ও হিসাব বিভাগের উপপরিচাললকে অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা। গত সোমবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাব্বির হোসেন জানান, করপোরেট ঋণ সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার জন্য দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন। উপাচার্য তাদের মৌখিক আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান বলেন, ‘কর্মচারীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। তাদের সব সমস্যা একবারে সমাধান সম্ভব নয়। তার পরও আমরা কথা বলে সমাধানের চেষ্টা করছি।’