মৌসুম শেষে সিটি ছাড়ছেন আগুয়েরো

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪১

ম্যানচেস্টার সিটি ও প্রিমিয়ার লিগ কিংবদন্তি সার্জিও আগুয়েরো এই মৌসুম শেষে আর ক্লাবে থাকছেন না, গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ম্যানসিটি। চলতি ২০২০-২১ মৌসুমের শেষেই আগুয়েরোর চুক্তি শেষ হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নে অনিচ্ছার কারণেই নতুন গন্তব্য খুঁজতে হচ্ছে এ ৩২ বছর বয়সিকে। ২০১১-১২ মৌসুমে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ৪৪ বছর পর দলকে লিগ শিরোপার মুখ দেখিয়েছিলেন আগুয়েরো। সেই জয়সূচক গোলের পর জার্সি খুলে করা তার উন্মত্ত উদ্যাপন ফুটবলীয় রূপকথারই অংশ। ২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়া আগুয়েরো এ ১০ মৌসুমে ক্লাবের হয়ে ৩৮৪ ম্যাচ খেলে করেছেন ২৫৭ গোল, যা সিটির ইতিহাসে সর্বোচ্চ। এই ১০ মৌসুমে চার বার লিগ শিরোপা জেতা ও পঞ্চমটিরও খুব কাছাকাছি চলে আসা এ ক্লাব কিংবদন্তিকে ম্যানসিটি সম্মান জানাচ্ছে ইতিহাদ স্টেডিয়ামের সামনে তার একটি ভাস্কর্য স্থাপন করে। সিটির শিরোপা জয়ী প্রথম প্রজন্মের অন্য দুই কিংবদন্তি, ভিনসেন্ট কোম্পানি ও ডেভিড সিলভার ভাস্কর্যের সঙ্গেই থাকছে আগুয়েরোর ভাস্কর্য। ক্লাবের বিবৃতিতে সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে গত ১০ বছরে সার্জিও কেমন অবদান রেখেছে সেটা বলে বুঝানো যাবে না। তার বীরত্বের আখ্যান এই ক্লাবকে যারা ভালোবাসা সবার এবং সাধারণ ফুটবলপ্রেমীদের মনেও অমলিন থাকবে।’