ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর প্রতিশ্রুতি ফোরামের

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২২:৪৩

বিজিএমইএ নির্বাচন

ইত্তেফাক রিপোর্ট

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনের পাঁচ দিন আগে ইশতেহার ঘোষণা করেছে ‘ফেরাম’ প্যানেল। নির্বাচিত হলে তৈরি পোশাকশিল্প মালিকদের ব্যবসায়ের পরিচালনার ব্যয় কমানো, পোশাক খাতের ভাবমূর্তি পুনরুদ্ধার ও বাজার সম্প্রসারণে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফোরামের দলনেতা ও হান্নান গ্রুপের চেয়ারম্যান এ বি এম সামছুদ্দিন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নিজেদের প্যানেলের ইশতেহার ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনের ইশতেহার তুলে ধরেন বিজিএমইএর বর্তমান সভাপতি ও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ড. রুবানা হক। এ সময় তিনি গত দুই বছরের মেয়াদে দায়িত্ব পালনকালে তাদের অর্জন, প্রক্রিয়াধীন ইস্যু ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষত পোশাক খাতের ভাবমূর্তি অর্জন, ব্যবসার পরিচালনার ব্যয় কমানো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন, রুগ্ণ শিল্পের ব্যবসা থেকে বের হওয়ার নীতিমালা (এক্সিট পলিসি), পণ্যের দাম ও ক্রেতার জবাবদিহিতা, শিল্পের নিরাপত্তা ও নিজস্ব সক্ষমতা, বাজার সম্প্রসারণ, প্রযুক্তির সক্ষমতা, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, দক্ষতা ও উদ্ভাবন, টেকসই উন্নয়ন অভীষ্টের সঙ্গে মিল রেখে পরিকল্পনা, শ্রমিক কল্যাণের বিষয়ে তাদের অর্জন, প্রক্রিয়াধীন আলোচনা ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে স্বচ্ছ ও পরিচ্ছন্ন বিজিএমইএ গঠনের লক্ষ্যেও তাদের ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় বিজিএমইএকে কেবল সেবামূলক প্রতিষ্ঠান নয়, পোশাকশিল্প মালিকদের জন্য ‘সমন্বিত ফোরাম’ হিসেবে তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ানোর মতো পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বিষয়ে এক প্রশ্নের জবাবে ফোরামের দলনেতা এ বি এম সামছুদ্দিন বলেন, নির্বাচন প্রক্রিয়া প্রায় শেষ। স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা চলবে। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজি (বিইউএফটি) মালিকানাসংক্রান্ত এক প্রশ্নে রুবানা হক বলেন, তারা নির্বাচিত হলে সাধারণ সভা করে পোশাকশিল্প মালিকদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আচরণবিধি ভঙ্গের পালটাপালটি অভিযোগ

আগামী ৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেলের প্রার্থী ও ভোটারদের মধ্যে উত্তাপও বাড়ছে। এরই মধ্যে দুই প্যানেলই একে অন্যের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে।

বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রয়াত আনিসুল হকের মেয়র হওয়া বিষয়ে অন্য প্যানেলের বক্তব্যসংক্রান্ত এক প্রশ্নে রুবানা হক বলেন, আনিসুল হক বিজিএমইএর পর আরো একাধিক গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। এরও অনেক পরে তাকে নির্বাচনের জন্য টেনে আনা হয়েছে। তিনি ঢাকা সিটির জন্য কাজ করতে গিয়ে মারা গেছেন। তিনি এখন আমাদের মধ্যে নেই। তার বিষয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানাই।

ইশতেহার প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ, এম এ রহিম ফিরোজ, সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু, বর্তমান পরিচালক আসিফ ইব্রাহীম প্রমুখ উপস্থিত ছিলেন।