বাংলাদেশি অভিবাসী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০০:০৯

সৌদি আরবের দাম্মামে সাগর পাটোয়ারী নামে এক বাংলাদেশি অভিবাসীকে হত্যার ঘটনায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল মঙ্গলবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বাদানুবাদ হয়। এক পর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন। গুলি করার পর উমর ঘটনাস্থল হতে পালিয়ে যান। ২০০৬ সালের জুনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দীর্ঘদিন তদন্তের পর ২০১৮ সালে স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরিকে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে।

সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বিরুদ্ধে আনীত অভিযাগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয়। উল্লেখ্য, নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার সন্তান।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যায় সৌদি আরবে এক গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড দেয় আদালত।