বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত সোমবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া অপর আসামি হলেন আরমান হোসেন। নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে।
এর আগে গত রবিবার বিকালে রাজধানীর রায়ের বাজারের নিজ বাসা থেকে নিপুণ রায় এবং আরমানকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। পরে নিপুণ রায় ও আরমান হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে হাজারীবাগ থানা পুলিশ। মামলায় নিপুণ রায়ের বিরুদ্ধে মোবাইল ফোনের মাধ্যমে আরমান হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ড করার নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
