উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের ১৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শনিবার কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় এক পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা। এতে কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সোহরাব হোসাইন। প্রধান অতিথি বলেন, ‘শুধু লেখাপড়া করলেই হবে না, সততা ও নৈতিকতার দিক ঠিক থাকলেই কেবল একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আমাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়বে। আর ভালো ফলাফল ও সহ-শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার কারণেই জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ ও ২০১৮ তে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ থানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হতে পেরেছে। এসব কার্যক্রমের ফলেই প্রতিষ্ঠানটি ও প্রতিষ্ঠানের প্রধান আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম ও এওয়ার্ড অর্জন করতে পেরেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীম আলরাজী, অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, অভিনেতা চঞ্চল চৌধুরী।
আরও পড়ুন: নাশকতার মামলা: বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদার জামিন বাড়ছে
অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
