আপনারা কি আমাকে মিস করছেন

আপডেট : ৩১ মার্চ ২০২১, ০০:১২

আপনারা কি এখনো আমাকে মিস করছেন?—এমন প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার রাতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে একটি বিয়ের অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি এ প্রশ্ন করেন। খবর সিএনএনের

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চীন ও ইরান নীতির সমালোচনা করেন। তিনি গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আবারও তার অসন্তোষের কথা জানান। মেক্সিকো সীমান্ত পরিস্থিতি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, সীমান্তে শিশুগুলো খুব নাজুক অবস্থায় জীবন যাপন করছে। তারা এমনভাবে জীবন যাপন করছে, যা কেউ কখনো দেখেনি। ট্রাম্প নববিবাহিতদের সুন্দর জীবন কামনা করেন। বিনোদন ওয়েবসাইট টিএমজেড অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে।

নিজের সোশ্যাল মিডিয়া আনছেন ট্রাম্প

এদিকে ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর টুইটার, ফেসবুক, ইউটিউবসহ বহু নেট-মাধ্যম আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নিষিদ্ধ করেছে। এবার সেই সব মাধ্যমকেই চ্যালেঞ্জ করে নিজের একটি নেট-মাধ্যম তৈরি করে ফেলেছেন তিনি। আগামী কয়েক মাসের মধ্যেই তা প্রকাশ্যে আসতে চলেছে। এর মধ্য দিয়েই এবার আমেরিকার মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর চিন্তাভাবনা শুরু করেছেন তিনি। ট্রাম্পের এক ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, এই নেট-মাধ্যম মারফতই আমেরিকার সাবেক প্রেসিডেন্ট তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন বলেও ঐ সূত্র জানিয়েছে।