যুক্তরাষ্ট্রে গত বছর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে মিনিয়াপোলিস শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিচার শুরু হয়েছে। পুলিশের কর্মকর্তা ডেরেক চাওভিন হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে নয় মিনিট ধরে বসে আছেন, গত বছর এরকম একটি ভিডিও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিল। এই ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ৪৫ বছর বয়সী ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি। চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে এই মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তাকে ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। -বিবিসি
