বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে জনগণের প্রত্যাখ্যান: ওবায়দুল কাদের

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:৪১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে সাধারণ মানুষ আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। আর এ কারণেই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে তারা। 

আজ রবিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ সব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে যে সম্মান দেখিয়েছেন, আওয়ামী লীগও উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের সম্মানের উপযুক্ত প্রতিদান দেবে। 

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়ালী উল্যাহ। জনসভায় বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু উন্নয়ন করলে হবে না, উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষকে সম্মান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। অসুখে-বিসুখে সাহায্য করতে হবে। না হয় উন্নয়ন ম্লান হয়ে যাবে। একজন মানুষ তিনি যদি আওয়ামী লীগের নাও হন, তাঁর বিপদে এগিয়ে যেতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, হাতিয়ায় আওয়ামী লীগের মধ্যকার বিভেদ, মারামারি ছিল ঢাকার সংবাদপত্রের প্রতিদিনের শিরোনাম। এখন এখানে ঐক্যের সুবাতাস বইছে। এই ঐক্য করতে বাইরে থেকে কারও আসতে হয়নি, হাতিয়ার নেতারাই নিজেদের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন, নৌকাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। তাই এখন আর হাতিয়ার উন্নয়ন থেমে থাকবে না।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে হাতিয়া অন্ধকারে থাকতে পারে না। তিনি হাতিয়ায় এসেই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তিনি খুব অল্প সময়ের মধ্যে হাতিয়ার বিদ্যুৎব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নিবেন। তিনি বলেন, হাতিয়ার প্রধান সমস্যা নদী ভাঙন রোধে ইতোমধ্যে ব্লকবাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে। 

আরও পড়ুন: কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে চিকিৎসককে ওএসডি: প্রধানমন্ত্রী

সেতুমন্ত্রী হাতিয়ার নলচিরা-জাহাজমারা সড়ক ১৮ ফুট থেকে ২৪ ফুটে উন্নীত করার ঘোষণা দেন এবং এ বিষয়ে শিগগির প্রকল্প জমা দেওয়ার জন্য উপস্থিত প্রককৌশলীদের নির্দেশ দেন। এ ছাড়া এলাকার অন্যান্য গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি নিঝুম দ্বীপকে আধুনিক পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী ওবায়দুল কাদের হাতিয়ার ভাঙন কবলিত নলচিরা এলাকা পরির্দশন করেন। এ সময় তিনি নলচিরা ঘাট এলাকায় দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। এ ছাড়া মন্ত্রী সড়ক ও জনপথ বিভাগের নবনির্মিত বাংলো উদ্বোধন এবং এ এম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। মন্ত্রীর সঙ্গে এ সময় এ এম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফসহ প্রশাসনের কর্মকর্তারাও মন্ত্রীর সঙ্গে ছিলেন।

ইত্তেফাক/এমআই