১২-১৫ বছর বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিন শতভাগ কার্যকর, দাবি ফাইজারের

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১১:৫৫

১২ থেকে ১৫ বছর বয়সীদের বেলায় ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন শতভাগ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠান দুইটি। ভ্যাকসিনটি যথেষ্ট নিরাপদ বলেও উল্লেখ করেছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার (৩১ মার্চ)  ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলবার্ট বোরলা বলেছেন, এ টিকা যাতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পায় সেই পরিকল্পনা করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজার জানিয়েছে, স্কুলগুলোর আগামী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে শিশুদের শরীরে টিকাটির প্রয়োগ শুরু হতে পারে। অবশ্য আগেই যুক্তরাষ্ট্রে শুধু জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য ফাইজারের করোনার টিকা ১৬ বছরের বেশি বয়সীদের ওপর প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

ফাইজারের ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় ধাপে  ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২৬০ জন শিশুর ওপর ট্রায়াল চালানো হয়। দেখা গেছে, দ্বিতীয় ডোজ প্রয়োগের একমাসেই অংশগ্রহণকারীদের দেহে শক্তিশালী এন্টিবডি দেখা গেছে। তবে এই তথ্যের পিয়ার পর্যালোচনা এখনো বাকি আছে। 

টেক্সাস শিশু হাসপাতালের সেন্টার ফর ভ্যাকসিন ডেভেলপমেন্টের সহকারী পরিচালক ডাঃ পিটার হোটেজ বলেছেন, আমার মনে হয় ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার ক্ষেত্রে এটি সম্ভবত সবুজ সংকেত। 

ইত্তেফাক/এসএ