স্বয়ংসম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসছেন ট্রাম্প

আপডেট : ৩১ মার্চ ২০২১, ২১:১৬

টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমকে চ্যালেঞ্জ করে নিজের একটি স্বয়ংসম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে ফেলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী কয়েক মাসের মধ্যেই তা প্রকাশ্যে আসতে চলেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর বরাতে জানা যায়, ট্রাম্পের এক ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে, এই ওয়েব সাইটের মাধ্যমেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন বলেও তিনি জানান।

যে কোন যোগাযোগ মাধ্যম থেকে কখনওই নিজেকে দূরে সরিয়ে রাখেননি ট্রাম্প। বিশেষ করে টুইটারে তিনি বেশি সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছেন। টুইটারকে ব্যবহার করে তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোরও অভিযোগ উঠেছিল অনেক।  তার পরেও টুইটারে সক্রিয় ছিলেন ট্রাম্প। 

নির্বাচনে হেরে যখন ট্রাম্পের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল তখনো সেই টুইটারকেই ব্যবহার করে উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর টুইটার, ফেসবুক, ইউটিউব-সহ অনেক ওয়েবসাইটেই ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল।

ট্রাম্প যে ফের তার নিজের ওয়েবসাইটে ফিরে আসছেন, তা গত মার্চেই ইঙ্গিত দিয়েছিলেন তার প্রাক্তন উপদেষ্টা জেসন মিলার। তিনি বলেছিলেন, “দেখতে থাকুন, আগামী দিনে কী করতে চলেছেন ট্রাম্প।” 

ইত্তেফাক/এএইচপি