করোনা নিয়ন্ত্রণে না এলে হাসপাতালেও জায়গা থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৪:১১

যেভাবে প্রতিদিন করোনা বৃদ্ধি পাচ্ছে এভাবে চলতে থাকলে দেশে কোন হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না। এজন্য করোনা বৃদ্ধি ঠেকাতে দলমত নির্বিশেষে সকলকেই এগিয়ে আসতে হবে এখনি।

আজ বৃহস্পতিবার সকালে বারিধারার নিজ বাসভবন থেকে অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজের নতুন ১০টি আইসিইউ বেড উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার প্রকোপ দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে করে হাসপাতালে বেড দ্রুত বৃদ্ধি করার বিকল্প নেই।

তিনি বলেন, সরকার কোভিড ডেডিকেটেড হাসপাতাল সংখ্যা বৃদ্ধি করাসহ সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করছে। এরই ধারাবাহিকতায় ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের একটি মার্কেটকে পুরোপুরি কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনার যথাযথ বাস্তবায়নসহ সকল স্থানে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে না পারলে আগামীতে এই প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ইত্তেফাক/এমআর