করোনার কারণে হাসপাতালে আফসানা মিমি

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০১:০৬

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত সপ্তাহে করোনা ভাইরাস টেস্টে ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি বাসাতেই ছিলেন। কাশি না কমায় আজ ১ এপ্রিল এই অভিনেত্রীকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আফসানার মিমির ঘনিষ্টজন সাংবাদিক নজরুল সৈয়দ গণমাধ্যমকে জানান, আফসানা মিমির শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এটি গেল সপ্তাহের। এরপর থেকে মিমি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কাশি কমছে না বলেই আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।’

অভিনয় ও পরিচালনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন আফসানা মিমি। তিন বছর মেয়াদে তাকে এই পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

ইত্তেফাক/বিএএফ