মডেলিং, উপস্থাপনা, নাচ, গান, ছোট পর্দায় অভিনয়সহ সবই করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। বাদ ছিলো শুধু সিনেমায় কাজ। অবশেষে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। অনন্য মামুনের ‘অমানুষ’ ছবিতে কাজ করছেন তিনি। এই ছবিতে মিথিলার বিপরীতে আছেন নিরব।
আজ (১ এপ্রিল) থেকে ঢাকার বিরুলিয়া লোকেশনে ছবিটির শুটিং করেছেন মিথিলা। সেখানে দেখা যায় চিত্রনায়ক নিরব ও শহীদুজ্জামান সেলিমকে।
ঢাকায় শুটিংয়ের পর তারা যাবেন বান্দরবান ও রাঙামাটিতে। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। আরও অভিনয় করবেন কাজী নওশবা আহম্মেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।
নিরব জানান, ‘ঢাকার অদূরে বিরুলিয়ায় আমাদের নতুন ছবি ‘অমানুষ’-এর শুটিং চলছে। যদিও আমার আজ শুটিং ছিলো না । মিথিলার শুটিং দেখতে এসেছি। অনেক ভালো লাগছে।’

কয়েকদিন আগে ভারতের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভে এসেছে মিথিলার ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’। এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও আরিফিন শুভ। গত বছর ভারতের আরেক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পায় মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজ ‘একাত্তর’। এতে সাংবাদিক রুহি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ইত্তেফাক/বিএএফ
