পবিত্র কোরআন শরিফের বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন। নরসিংদীর পাঁচদোনা গ্রামে ১৮৩৪ সালে জমিদার পরিবারে তাঁর জন্ম। ব্রাহ্মধর্ম গ্রহণ ও ইসলামে পাণ্ডিত্যের কারণে ‘ভাই’ ও ‘মৌলভী’ তাঁর নামের সঙ্গে যুক্ত। তিনিই সর্বপ্রথম ১৮৮৪ সালে সম্পূর্ণ কোরআন শরিফের বাংলা অনুবাদ প্রকাশ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন।
অনেক দর্শনার্থীই গিরিশচন্দ্রের স্মৃতিচিহ্ন দেখতে আসেন তাঁর নরসিংদীর বাড়িতে। দীর্ঘকাল অযত্ন-অবহেলায় বাড়িটি পড়ে থাকলেও সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় প্রশাসন মিলে তা সংস্কার করেছে। ২০০৮ সালে বাড়ির কাঠামো অক্ষুণ্ন রেখে সংস্কারে অনুদান দিতে সম্মত হন ভারতীয় হাইকমিশন। এরপর বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে ও দিকনির্দেশনায় সংরক্ষণের কাজ শুরু হয় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। ২০১৭ সালের এপ্রিলে এসে শেষ হয় সংস্কারের কাজ। ঐ বাড়িতে স্থাপন করা হয়েছে একটি স্মৃতিজাদুঘর। যেখান রয়েছে ভাই গিরিশচন্দ্র সেনের ব্যবহূত জিনিসপত্র ও তাঁর লেখা পঞ্চাশাধিক বই।
ভাই গিরিশচন্দ্র সেন ১৯১০ সালের ১৪ আগস্ট হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পাঁচদোনার এই জমিদার বাড়ির পাশেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
লেখা ও ছবি : রেদোয়ান হোসেন
