ফ্রান্সে তৃতীয় লকডাউনে আবারও বন্ধ সব স্কুল

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:৪৪

করোনা আরো ভয়াবহ আকার ধারণ করায় তৃতীয় লকডাউনের আওতায় ফ্রান্সের সব স্কুল তিন সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধা। তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে পড়াশোনা একেবারে ভেঙে না পড়ে সেজন্য আগামী সপ্তাহ থেকে দূর শিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

বুধবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ম্যাত্রেঁদ্ধা বলেন, ‘আমরা নার্সারি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়গুলো তিন সপ্তাহের জন্য বন্ধ রাখছি।’ তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে আরো নাজুক অবস্থায় গিয়ে পৌঁছেছে। তাই এই মুহূর্তে ব্যবস্থা না নিলে তা আরো মারাত্মক আকার ধারণ করবে। ভাষণে তিনি বর্তমান পরিস্থিতিকে ‘ভঙ্গুর’ আখ্যায়িত করে এ থেকে উত্তরণে সবাইকে সব বিধিনিষেধ যথাযথভাবে পালনের আহ্বান জানান। এ কারণে তিনি এপ্রিল মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। ম্যাক্রোঁ বলেন, এটি একদিকে ভ্যাকসিন দেওয়া ও অন্যদিকে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের প্রতিযোগিতা। ফ্রান্সে মার্চের শুরুর দিকে বেশকিছু অঞ্চলে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরোপিত হয়েছিল। এপ্রিল থেকে তা বর্ধিত করে পুরো দেশব্যাপী কার্যকর করা হলো। তিনি বলেন, ১৯ জেলায় এ মাসের (মার্চ) শুরুর দিকে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা দেশব্যাপী আরোপিত হবে। এসবের মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় নয়, এমন দ্রব্যের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কোনো ব্যক্তির বাড়ির ১০ কিলোমিটারের মধ্যে শরীরচর্চার জায়গা সীমিতকরণ ও বিশেষ কারণ ছাড়া দেশের অন্য কোথাও ভ্রমণে নিষেধাজ্ঞা। এছাড়া পুরো ফ্রান্স জুড়ে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টার পর্যন্ত কারফিউ জারি থাকবে।