ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি দীর্ঘ ক্যারিয়ারে গ্রামীণ কমেডি নাটকে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছেন। ঈদের কাজ নিয়ে ব্যস্ত থাকা এ অভিনেত্রী নাট্যাঙ্গনের নানা বিষয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল
বর্তমান কাজ সম্পর্কে জানতে চাই—
ঈদকে কেন্দ্র করে সকাল আহমেদের পরিচালনায় একটি টেলিফিল্ম ও দীপু হাজরার পরিচালনায় ৭ পর্বে একটি নাটকের কাজ শেষ করলাম। এছাড়া অনেকদিন পর সালাউদ্দিন লাভলুর সঙ্গে একটি কাজ করবো ১১ তারিখ থেকে। তিনটি নাটকই বৃন্দাবন দাসের রচনা। পাশাপাশি ঈদ ‘ইত্যাদি’তে একটি ঐতিহাসিক ঘটনা নির্ভর নাট্যাংশে অভিনয় করবো। এর সঙ্গে বেশ কয়েকটি একক নাটক যুক্ত হবে।
আপনারা নাটকের ধারাবদল করেছেন। এখন অনেকেই আপনাদের কপি করার চেষ্টা করছেন। বিষয়টি কেমন লাগে?
দেখুন, যদি কপি মানসম্মত হয়, সুন্দর হয় তখন ভালো লাগে। তবে যখন দেখি নামটাকে পর্যন্ত ব্যবহার করে প্রচণ্ড ভাঁড়ামি করা হচ্ছে তখন মেনে নিতে পারি না। এছাড়া ভিউ বাড়ানোর জন্য অশ্লীলতা পর্যন্ত যুক্ত করে, তখন খুবই খারাপ লাগে।
নাটকে অশ্লীলতা একটি নতুন ট্রেন্ডে পরিণত হচ্ছে। এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত জানতে চাচ্ছি—
এখন অশ্লীলতা এতটাই বেড়ে গেছে যে, দেখলেই লজ্জা লাগে। ভালো কাজের চেয়ে এ ধরনের কাজই বেশি হচ্ছে। কিন্তু এটা নিয়ন্ত্রণ করার জন্য তো আমাদের কোনো সংগঠন নেই। এ জন্য চ্যানেল কর্তৃপক্ষের সুদৃষ্টি দরকার। কারণ আমাদের ভালো গল্প, ভালো পরিচালক, অভিনেতা-অভিনেত্রী রয়েছে। অশ্লীলতাকে দূর করতে ভালো কাজ দরকার।
নাটকে চরিত্র সংকট দিনদিন দীর্ঘ হচ্ছে। একটি মানসম্পন্ন নাটক নির্মাণের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলছে বলে মনে করেন?
পরিকল্পনার বাইরে গিয়ে নাটক লেখায় এ ধরনের কাজ হচ্ছে। আপনি যদি রাতারাতি তারকা বনে যেতে চান, ভিউ বাড়িয়ে ব্যবসায়িক চিন্তা করেন তাহলে এ ধরনের কাজ বাড়বেই। এখন চরিত্র আছে, তবে সামাজিক চরিত্র যেমন বাবা-মা, চাচা-চাচি এগুলো হারিয়ে যাচ্ছে। নিশ্চয় সামাজিক গল্পের ক্ষেত্রে এর প্রভাব পড়ছে।
এখন টিভি নাটকের দর্শক বিভিন্ন মাধ্যমে ঝুঁকে পড়ছে। এতে টিভি নাটকের ভবিষ্যত্ কোনদিকে যাচ্ছে বলে মনে করেন?
টিভি দর্শক কমেনি। তবে অনেকে নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ তাদের পছন্দের গল্প তারা পাচ্ছে না। ভালো কাজ পেলে নিশ্চয় তারা দেখবেন।
আপনাকে গ্রামীণ কমেডি ঘরানার বাইরে দেখা না যাওয়ার কারণ কী?
আমাকে ডাকে না তাই দেখা যায় না। আবার শহরের চরিত্র দিলেও ভাষা গ্রামীণ রাখে। একজন অভিনেত্রী হিসেবে যে, আমি সব ধরনের কাজই করতে পারবো এই ধারণাটা তাদের নেই।
অভিনয়কে পেশা হিসেবে নেওয়া কতটা ইতিবাচক মনে করেন?
আমার জায়গা থেকে বলবো, পেশা হিসেবে নেওয়াটা ইতিবাচক না। অন্য কাজের সঙ্গে অভিনয় রাখলে ভালো হয়।
