মনোহরগঞ্জের নদনা খালের স্লুইসগেট অকেজো!

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:০৮

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাওরা এলাকায় ডাকাতিয়া নদীর শাখা নদনা খালে এক যুগ আগে নির্মাণ করা স্লুইসগেটটি দীর্ঘদিন ধরে অকেজো রয়েছে। পানি ধরে রাখতে না পারায় ইরি-বোরো চাষে সেচের পানি সংকটে দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় হাজারো কৃষক।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ কুমিল্লা ও উত্তর নোয়াখালীর পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় ২০০৬-২০০৭ অর্থবছরে ডাকাতিয়া নদীর নদনা খালের মুখে মনোহরগঞ্জের হাওরা নামক স্থানে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে স্লুইসগেটটি নির্মাণ করে।

চড্ডা গ্রামের মো. হোসেন মিয়া, লত্সর গ্রামের মৌলভী আবুল কাশেমসহ কয়েকজন চাষি অভিযোগ করে বলেন, স্লুইসগেটটির সঙ্গে জড়িত এখানকার হাজার হাজার কৃষকের ভাগ্য। এ খালের পানি দিয়েই মনোহরগঞ্জের দক্ষিণাঞ্চলের কৃষকরা ইরি-বোরো মওসুমে ফসলি জমিতে সেচের পানির চাহিদা পূরণ করত। নির্মাণের ১ বছর পর থেকেই স্লুইসগেটটি অকেজো হয়ে পড়ে। নির্মাণের পর থেকে এ পর্যন্ত এটি কৃষকের উপকারে সামান্যই এসেছে। এলাকার ভুক্তভোগী কৃষক জহিরুল ইসলাম জানান, স্লুইসগেটটি তত্ত্বাবধান করার কোনো লোকবল না থাকায় প্রয়োজনীয় নাট, বল্টু, লোহার পাত ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। নদনা খালটি দীর্ঘদিন খনন না হওয়ায় বর্ষার পানি নামতে শুরু করলে স্লুইসগেটটির মূল ফটক দিয়ে পানি ডাকাতিয়া নদীতে নেমে গেলে নদনা খাল পানি শূন্য হয়ে পড়ে। এতে পানি সংকটে পড়ে এলাকার কৃষকরা। স্থানীয় কৃষকরা আরো জানান, স্লুইসগেটটি অকেজো হওয়ার পর মাঝখানে কিছুদিন কৃষি উন্নয়ন করপোরেশনের পাম্প দিয়ে পানি উত্তোলনের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু গত তিন বছর ধরে সেটিও বন্ধ।

স্থানীয় বাইশগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, স্লুইসগেটটি নির্মাণের পর কৃষকের দুর্ভোগের পাশাপাশি ডাকাতিয়ার শাখা এ খালটিতে নৌযান চলাচল করতে না পারায় বন্ধ হয়ে গেছে নৌপথের বাণিজ্য। সারা বছর কচুরিপানায় ভর্তি থাকে খালটি। নদী থেকে খালের প্রবেশ মুখে মাছের বিচরণে বাধা সৃষ্টি হওয়ায় দেশি প্রজাতির মাছ এখন আর আগের মতো দেখা যায় না। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) মামুন হাওলাদার ইত্তেফাককে জানান, পর্যাপ্ত বরাদ্দ সংকটে স্লুইসগেটটি মেরামত কাজে বিঘ্ন ঘটছে। কৃষি খাতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শিগিগরই স্লুইসগেটটি মেরামত করার কথা জানান তিনি।