নিউজিল্যান্ড ৩২-০ বাংলাদেশ

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:১৮

নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ দল। দুর্ভেদ্যই থেকে গেল নিউজিল্যান্ডের কন্ডিশন। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ছয়বার সফর করেও নিউজিল্যান্ডে অধরাই রইল ‘জয়’। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলে টানা ৩২ ম্যাচ হারের গ্লানি সঙ্গী হলো বাংলাদেশের।

এবার দুই ফরম্যাটে ছয় হারের তিক্ততা হজম করেছে সফরকারীরা। গতকাল শেষ ম্যাচটা যেন গোটা সফরের ব্যর্থতার চূড়ান্ত দলিল হয়েই ধরা দিয়েছিল। অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি বৃষ্টির কবলে পড়েছিল। শেষ পর্যন্ত ১০ ওভারের ম্যাচ মাঠে গড়ায়। দর্শকরা টি-১০ ম্যাচের স্বাদ পেলেও বাংলাদেশ বিব্রতকর পারফরম্যান্স নিয়ে মাঠ ছেড়েছে।

টসে হেরে ব্যাট করা নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৪১ রানের বড় স্কোর গড়ে। রান তাড়া করতে নামা বাংলাদেশ কিনা ১০ ওভারের মধ্যেই অলআউট হয়ে গেছে! ৯.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৬৫ রানের আয়েশি জয়ে ৩-০ তে সিরিজ জিতে নিউজিল্যান্ড।

বাংলাদেশের ৫৭ বলের ইনিংসটি টি-২০ ক্রিকেটের ইতিহাসে বলের হিসেবে তৃতীয় সংক্ষপ্তি ইনিংস। প্রথম দুটিই তুরস্কের দখলে। ২০১৯ সালে চেক রিপাবলিকের বিরুদ্ধে ৫১ বল, অস্ট্রিয়ার বিপক্ষে ৫৩ বল স্থায়ী হয়েছিল তুরস্কের ইনিংস। সেরা পাঁচে বাকি দুটি স্থানে আছে নেদারল্যান্ডের ৬৩ বল, নেপালের ৬৬ বলের ইনিংস।

বাঁ উরুর ইনজুরির কারণে গতকাল খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-২০ তে বাংলাদেশের সপ্তম অধিনায়ক হিসেবে টস করেন লিটন দাস। পাঁচ সিনিয়র (মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, মাহমুদউল্লাহকে) ক্রিকেটারকে ছাড়া এ প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলল বাংলাদেশ। লিটনের হাত ধরে নতুন যুগের সূচনাতেও মিশে থাকল হতশ্রী পারফরম্যান্স।

পুরো সফর বসে থাকার পর নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন ম্যাচ খেলার সুযোগ পান গতকাল। রুবেলকেও ফেরানো হয় একাদশে। তবে গোটা সফরে একবারও সুযোগ পাননি পেসার আল-আমিন হোসেন। টসে হারা নিউজিল্যান্ডের বড় স্কোরের নায়ক ফিন অ্যালেন। তার ২৯ বলে ৭১ রানের (১০ চার, ৩ ছয়) ইনিংসে অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের অবদানই বেশি। সৌম্য দুইবার, রুবেল একবার তার ক্যাচ ফেলেছেন। গাপটিল ৪৪, ফিলিপস ১৪, ড্যারেল মিচেল ১১ রান করেন। অসম টার্গেট পাড়ি দিতে টি-১০ ম্যাচের আমেজে ব্যাট চালিয়েছেন সৌম্য-নাঈম শেখরা। কিন্তু সাফল্য পাননি কেউই। নাঈম শেখ ১৯, সৌম্য ১০, মোসাদ্দেক ১৩ রান করেন। টড অ্যাস্টল ১৩ রানে ৪টি, সাউদি ১৫ রানে ৩টি উইকেট নেন।