বরেন্দ্র নর্থ জোনের বিশাল জয়

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:১৮

বরিশালে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের পুরুষ বিভাগের খেলার উদ্বোধন হয়েছে। উদ্বোধনী ম্যাচে গতকাল চন্দ্রদ্বীপ সাউথ জোনকে ২১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বরেন্দ্র নর্থ জোন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩৭ রান করেছিল বরেন্দ্র নর্থ জোন। মিনহাজুল হাসান ৬০, নাঈম আহমেদ ৩১, আরাফাত ইসলাম ২৬, মিসবাহ আহমেদ অপরাজিত ৩৮, জিহাদুল হক ৩৬ রান করেন। চন্দ্রদ্বীপ সাউথ জোনের হাসিব হাওলাদার, নুরুল হাসান রোমেন ও শাহরিয়ার সাকিব ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ফাহিম হাবিবের বোলিং তোপে পড়ে ৯.৪ ওভারে মাত্র ২৬ রানে অলআউট হয়ে যায় চন্দ্রদ্বীপ সাউথ জোন। এ পেসার ১৪ রানে ৬টি উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। সজীব ১২ রানে পান ৩ উইকেট।

এর আগে গতকাল সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে গেমসের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এই খেলার মধ্যদিয়ে বাংলাদেশের ক্রিকেটের মান আরো উন্নত হবে এবং আগামীর জাতীয় দলের ক্রিকেটার বের হবে আশা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

আজ একই ভেন্যুতে চট্টলা ইস্ট জোন খেলবে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের বিরুদ্ধে। লিগ পর্বে চার দলের লড়াই শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে আগামী ১০ এপ্রিল ফাইনাল তথা স্বর্ণ জয়ের লড়াই অনুষ্ঠিত হবে।