ভারতের খ্যাতিমান গায়ক ও সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী করোনায় আক্রান্ত হয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। উপসর্গ থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা ভারতীয় একধিক গণমাধ্যমকে জানিয়েছেন, তার বাবা নিয়মিত করোনা সংক্রান্ত সমস্ত নির্দেশিকা পালন করতেন এবং সমস্ত ধরনের সতর্কতাই বজায় রাখতেন। তা সত্ত্বেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন। শরীরে করোনার উপসর্গ দেখা মাত্রই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিনে বাপ্পি লাহিড়ী এবং তার পরিবারের সংস্পর্শে যারা এসেছেন, তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন রেমা।

গত মার্চের শুরুতেই করোনার টিকা নিতে নিবন্ধন করেছিলেন ৬৮ বছর বয়সী এই সংগীত তারকা। তবে তিনি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন কিনা তা সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আছেন বাপ্পি। প্রথমবার ১৯৭৩ সালে হিন্দী ভাষায় নির্মিত নানহা শিকারী ছবিতে তিনি প্রথম গীত রচনা করেন। জলপাইগুড়িতে জন্ম হলেও বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী। বিগত কয়েক বছর ধরে মুম্বাইতেই থাকেন পরিবারের সঙ্গে।
ইত্তেফাক/বিএএফ
