বিআইডিএসের মহাপরিচালক হলেন ড. বিনায়ক সেন

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:৪১

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. বিনায়ক সেন। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ছিলেন। গবেষক বিনায়ক সেন বিআইডিএসের বর্তমান মহাপরিচালক কে এ এস মুর্শিদের স্থলাভিষিক্ত হলেন। বিনায়ক সেন ১৯৮৬ সালের সেপ্টেম্বরে বিআইডিএসে যোগ দেন। বিভিন্ন সময়ে তিনি দারিদ্র্য, আয়বৈষম্য ও মানব উন্নয়ন নিয়ে কাজ করেছেন। সেই সঙ্গে শ্রমবাজার, সামাজিক সুরক্ষা, সুশাসন, রাজনৈতিক অর্থনীতি বিষয়েও গবেষণা রয়েছে তার। তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের সদর দপ্তরের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠানের (আইএফপিআরআই) জ্যেষ্ঠ ফেলো গবেষক হিসেবে কাজ করেছেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাইকা, ইউএনএসকাপ, ডিএফআইডি ও ইউএনডিপির মতো বিভিন্ন সংস্থায় পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।