কাওরান বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আবু হানিফ নামে এক বৃদ্ধ রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটি আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত রিকশা চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে বিকাল ৩টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, নিহত বৃদ্ধ রিকশাচালকের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর মিঠাখালী গ্রামে। তিনি কাওরান বাজার এলাকার কাঠপট্টিতে থাকতেন। তেজগাঁও থানার এসআই মতলেবুর রহমান জানান, সিএনজিচালিত অটোরিকশাটি (ঢাকা মেট্রো থ-১৪-৫৯৪৯) জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
