গাজীপুরের কালিয়াকৈরে ঝুটে লাগিয়ে দেওয়া আগুনে সরকারি বনের গজারিগাছ পুড়ে ধ্বংস হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের কালিয়াকৈর বিট, মৌচাক বিট ও বাড়ইপাড়া বিট এলকায় স্থাপিত অধিকাংশ ঝুটের গুদাম অবৈধভাবে সরকারি বনের জমিতে গড়ে উঠেছে। প্রতি বছর বনবিভাগের একশ্রেণির কর্মকর্তার সঙ্গে যোগসাজশে ঝুট ব্যবসায়ীরা প্রথমে গাছ কেটে বা আগুন দিয়ে বনের গাছ পুড়িয়ে বনভূমি দখল করে। তারপর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঝুট ব্যবসয়ীরা অবৈধভাবে দখলকৃত বনভূমিতে গুদাম নির্মাণ করে।
বৃহস্পতিবার বিকালে সরেজমিন জানা যায়, একশ্রেণির ঝুট ব্যবসায়ী চন্দ্রা বিট অফিসের নিকটবর্তী বনের ভেতর ছড়িয়ে ছিটিয়ে পরিত্যক্ত ঝুট ফেলে রাখে। কয়েক দিন আগে ঐ পরিত্যক্ত ঝুটে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই আগুনে বনের গজারি গাছ পুড়ে মরে যাচ্ছে।
এ ব্যাপারে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দুলন বলেন, ‘আমি বিষয়টি অবহিত নই। বিট অফিসারকে বিষয়টি দেখতে বলব। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
