হেফাজতের নাশকতার মামলায় রূপগঞ্জে গ্রেফতার ২

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:৫৪

হেফাজতের ডাকা হরতালে পুলিশের দায়ের করা নাশকতা মামলার দুই আসামিকে গতকাল বৃহস্পতিবার রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মর্তুজাবাদ এলাকার মৃত মনসুর আলীর ছেলে আবুল কালাম ও টেলাপারা গ্রামের একটি বাড়ির ভাড়াটিয়া মৃত রেনু মিয়ার ছেলে স্বপন মিয়া। তাদের ভুলতা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাজিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে ।

উল্লেখ্য, গত ২৭ মার্চ হেফাজতের ডাকা হরতালে ভুলতা গাউছিয়া এলাকায় নাশকতার অভিযোগে ২৩ জনকে আসামি করে পুলিশ মামলা দায়ের করে।