তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালানো হয়েছে, সেটি একটি সংগঠনের ব্যানারে হলেও তার সঙ্গে যুক্ত হয়েছিল বিএনপি এবং জামায়াত। তারা সবাই মিলে এই ঘটনা ঘটিয়েছে। যেভাবে নৈরাজ্য চালানো হয়েছে মানুষের ঘরবাড়ি, ব্যক্তিগত সম্পদ গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছে, সেই গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে, ইসলাম তো এটি কখনো সমর্থন করে না। ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডব ইসলামের ওপর কালিমা লেপন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ সেন্টার ফর ইসলাম অ্যান্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগ (বিআরসিআইআইডি) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, তারা স্বপ্ন দেখে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন অজুহাত হিসেবে দাঁড় করিয়েছিল মাত্র। ইসলাম কখনো এসব সমর্থন করে না, এই অপশক্তিকে রুখতে হবে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি আহসান উল্লাহ, প্রফেসর ড. ছালেহ জহুর, শাহরিয়ার জাহান প্রমুখ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আজ ইসলামের কথা বলে আমাদের কৃষ্টি-সংস্কৃতির ওপর আঘাত হানা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট আলাউদ্দিনের একাডেমি, ভূমি অফিস, ফায়ার সার্ভিসের স্টেশনে হামলা করা হয়েছে। এই কাজগুলো যারা করছে তারা ১৯৭১ সালে হানাদার বাহিনীকে গণহত্যা করার জন্য যারা সহায়তা করেছিল সেই অপশক্তির পরবর্তী প্রজন্ম। ড. হাছান বলেন, একটি অপশক্তি বাংলাদেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখছে। এই অপশক্তিকে রুখতে হবে।
