করোনায় সিলেট বিভাগ মারাত্মক ঝুঁকিতে

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২২:২৩

সিলেট বিভাগে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এ বিভাগে পাঁচ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১০০ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৫৬ জন। এদিকে সিলেট বিভাগের করোনা ডেডিকেটেড শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে সিট সংকট দেখা দেওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে সিলেটে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১ এপ্রিল থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর জেলার সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। করোনার মারাত্মক ঝুঁকিতে রয়েছে সিলেট। করোনায় আক্রান্তের পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে বলে জানান-সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানান, আগামী দুই সপ্তাহ সিলেটের পর্যটন স্পট ও হোটেল-মোটেলগুলো বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে খাবার রেস্টুরেন্টগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়নি।

স্বাস্থ্য বিভাগ সিলেট জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৯১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ৮০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জন রয়েছেন।

সিলেট বিভাগে গত বছর মার্চ থেকে এ পর্যন্ত ২৯০ জন করোনা ভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২৩ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন।