গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত জাহাঙ্গীর মিয়া (৪০) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার রাতে রংপুর মেডিক্যাল হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহতের মা সুফিয়া বেগম, ছোট ভাই ইলিয়াস মিয়া, ইলিয়াসের স্ত্রী আলেয়া বেগম ও বোন রুমি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীর মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার (মজিদপাড়া) গ্রামের ইউনুস আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, জাহাঙ্গীর মিয়ার সঙ্গে তার ছোট ভাই ইলিয়াসের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার ঐ ঘটনার জের ধরে দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে ছোট ভাই ইলিয়াস এবং তার লোকজন বড় ভাই জাহাঙ্গীরকে ধারাল অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তিনি আরো জানান, প্রতিবেশীরা জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল নিহতের শ্যালক সবুজ মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।
