যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০০:২৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের কাছের একটি শহরে বন্দুকধারীর গুলিতে শিশুসহ চার জন নিহত হয়েছে। সন্দেহভাজন হামলাকারীসহ দুই জন আহত হয়েছে। হামলাকারীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটল। খবর রয়টার্সের

দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার একটি অফিসে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে সন্দেহভাজন এক হামলাকারী আহত হয়েছে বলে জানা গেছে। লে. জেনিফার আমাত জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে লস অ্যাঞ্জেলসের দক্ষিণাঞ্চলের অরেঞ্জের লিনকোন অ্যাভিনিউয়ে দুই তলা একটি ভবনে গোলগুলির খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তিনি জানান, তিন জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু গুলিতে নিহত হয়েছে। পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সেখানে আর কোনো ধরনের হুমকি নেই। কী কারণে ঐ গোলাগুলির ঘটনা ঘটেছে এবং সেখানে শিশুটি কোথা থেকে এলো তা জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম এক টুইট বার্তায় জানিয়েছেন, এই ঘটনা ভয়াবহ এবং হূদয়বিদারক। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।