প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে অলিম্পিক গেমসে অংশ নেওয়ার মতো যোগ্য করে নিজেদের গড়ে তুলতে দেশের ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
দেশের বৃহত্তম এই ক্রীড়া আসরের সাফল্য কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আগাম শুভেচ্ছা থাকল, সফলভাবে আপনারা এটা সম্পন্ন করবেন এবং প্রত্যেকেই যেন পারদর্শিতা দেখাতে পারেন।’ সেই সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেন আগামীতে অলিম্পিক গেমস বিশ্বের যেখানেই হবে, বাংলাদেশের পক্ষ থেকে যেন সেখানেই অংশগ্রহণের মতো নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারি।’ সেজন্য ভবিষ্যতে ইভেন্ট ধরে ধরে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সেভাবেই আমরা তৈরি করতে চাই আমাদের খেলোয়াড়দের।’
দেশের ২৯টি ভেন্যুতে ৫ হাজার ৩০০ জন অ্যাথলেটের অংশগ্রহণে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের এই আয়োজন ১০ এপ্রিল পর্যন্ত চলবে। সর্বশেষ ২০১৩ সালে এই ক্রীড়া আসর বসেছিল বাংলাদেশে। দেশের বৃহত্তম প্রতিযোগিতাটি মাঠে গড়ানোর কথা ছিল গত বছরের এপ্রিলে। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা স্থগিত করা হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিওএর সভাপতি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে আসা অ্যাথলেটদের কলরব, মূল মশাল প্রজ্বালন, লেজার শো, দেশের খেলাধুলার সাফল্যগাথার অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী, আতশবাজির মধ্য দিয়ে পর্দা উঠল বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের।
গেমস-সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষা মানার বার্তাও দিলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ছিল বাড়তি সতর্কতা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ক্রীড়াপ্রেমীদের উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি। বৃহস্পতিবার সীমিতসংখ্যক দর্শক পেয়েছেন মাঠে বসে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের সুযোগ। ৩১টি ডিসিপ্লিনে সারা দেশের ৫ হাজার ৩০০ অ্যাথলেট অংশ নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হওয়া এই প্রতিযোগিতায়। উদ্বোধন করতে মাঠে আসতে না পারায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
