৫০ বছরে নারীর অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে জাগরণ এসেছে—একে আত্মপরিচয়ের দিকে এগিয়ে নিতে হবে। নারীরা যত নেতৃত্বের দিকে এগিয়ে যাবেন, তত সমাজে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। তবে নারীর প্রতি সহিংসতা আমাদের উদ্বিগ্ন করে। বিচারহীনতার সংস্কৃতি, জবাবদিহির অভাব, দুর্নীতি ও সাম্প্রদায়িক সহিংসতার নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে নারীর ওপর। নারীদের অবদানে দেশের অনেক উন্নতি হয়েছে। তবে জেন্ডার সমতা নিশ্চিত করতে হলে মৌলিক কতগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জ দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত বুধবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবিলা করি, নারী আন্দোলনকে অগ্রসর করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে অনলাইনে জাতীয় পরিষদ সভার উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।
মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেনের এদেশীয় প্রতিনিধি শোকো ইশিকাওয়া। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। সভায় সংগঠনের প্রয়াত সভাপতি আয়শা খানমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ শোক প্রস্তাব পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা আক্তার, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক বুলা ওসমান, গণমাধ্যম সম্পাদক দিল মনোয়ারা মনুর মৃত্যুতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাব পাঠ করেন ডা. রওশন আরা বেগম। পাশাপাশি সভায় দেশ ও দেশের বাইরে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। কেন্দ্রীয় কমিটির কার্যবিবরণী পেশ করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম।
