করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দি রিয়াজ

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২০:১৭

করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা রিয়াজ আহমেদ। শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে তিনি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৮ মার্চ নমুনা পরীক্ষা করানোর পরদিন রিপোর্ট হাতে পাই। রিপোর্টের রেজাল্ট করোনা পজিটিভ এসেছে।

‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে রবিবার (২৮ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। যাওয়ার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু করোনা পরীক্ষার ফল জানা।

রিয়াজ জানান, ‘এখন আগের থেকে একটু ভালো আছি। বাসাতেই চিকিৎসা নিচ্ছি। দোয়া করবেন।’

শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে তার ভারতে যাওয়ার কথা। ‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশ সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তার আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে নেওয়া হয় রিয়াজকে।

ইত্তেফাক/বিএএফ