খালে পরিণত হয়েছে দারছিড়া নদী

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৪০

শুভ সিকদার, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়নের কোল ঘেঁষে বয়ে যাওয়া ‘দারছিড়া’ নদী এখন অস্তিত্ব সংকটে পড়েছে। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত কর্মকাণ্ডে প্রতিনিয়ত নিঃশেষ হচ্ছে নদীটির প্রাণ। জানা গেছে, একসময় এ অঞ্চলের মানুষের যোগাযোগমাধ্যম ছিল একমাত্র দারছিড়া নদী। শুধু তাই নয়, বেশির ভাগ মানুষ এ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। নদীর সেই যৌবনে ভাটা লাগার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মানেও আসছে পরিবর্তন। বিশেষজ্ঞরা মনে করছেন, অপরিকল্পিত বেড়িবাঁধ, কালভার্ট ও মাছের ঘের দিনদিন গিলে খাচ্ছে নদীটিকে। এই তিন সমস্যায় ধুঁকে ধুঁকে মরছে নদীটি। মানবসৃষ্ট সমস্যার পাশাপাশি জলবায়ু পরিবর্তনেরও প্রভাব পড়েছে এ নদীতে।

এ বিষয়ে ঐ ইউনিয়নের মৌডুবি গ্রামের মো. বনি আমিন বলেন, ‘নদীর অংশটি এখন নালায় পরিণত হয়েছে। যেই নদীতে ১০০ থেকে ১৫০ ফুট গভীর পানি ছিল সেই নদী এখন হেঁটে পার হওয়া যায়। পুরো নদীতে এখন পলি জমে অসংখ্য ডুবোচর ও মারাত্মক নাব্য সংকট দেখা দিয়েছে। অন্যদিকে চরইমারশন-গাব্বুনিয়া ও চরগঙ্গা-মধুখালী দুটি বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল। এতে নদীতে পলিমাটি জমে এক দিকে নাব্য সংকট দেখা দিয়েছে অন্যদিকে নদীর প্রশস্ততা সংকীর্ণ হয়ে আসছে।’  

জলবায়ু পরিবর্তন বিষয় নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উপজেলা সমন্বয়কারী মোহসিন তালুকদার বলেন, ‘এক সময়ের খরস্রোতা দারছিড়া নদী এখন মৃতপ্রায়। নদীটি এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। অগণিত মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করত। সেসব মানুষের পেশা পরিবর্তন হচ্ছে। এ কারণে এ অঞ্চলের মানুষের জীবনমানে প্রভাব পড়েছে। বাংলাদেশের মৃতপ্রায় নদীগুলো খনন করা উচিত।’ তিনি আরো বলেন, ‘মানবসৃষ্ট সমস্যা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে নদীতে পলি জমে ডুবোচর ও নাব্য সংকটের সৃষ্টি হয়।’

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (অ:দা:) মো. শওকত ইকবাল মেহরাজ বলেন, ‘চলমান কোনো প্রকল্পে নদীটি খননের প্রস্তাব নেই।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে নদী টিকিয়ে রাখতে হবে। নদী রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দারছিড়া নদী রক্ষায় সরকার সময়োপযোগী পদক্ষেপ নেবে।’