স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৪৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের করোনা পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জুম অ্যাপের মাধ্যমে এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ চাঁদপুরে বর্তমানে করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। এ সময় শিক্ষামন্ত্রী চাঁদপুরে করোনার ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সর্বত্র স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। হাটবাজার, হোটেল-রেস্তোরাঁ, যানবাহন, লঞ্চঘাট, বাসস্ট্যান্ডসহ সর্বত্র যেন স্বাস্থ্যবিধি মানা হয় এবং এদিকে প্রশাসনের যাতে কঠোর নজরদারি থাকে সে বিষয়ে শিক্ষামন্ত্রী গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সব পর্যায়ের জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং সমাজ সচেতন সামর্থ্যবানদের এসব ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।