সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৪৫

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম সাদেককে সভাপতি ও সময় টেলিভিশনের প্রতিনিধি এম আর রকিকে সাধারণ সম্পাদক করে নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এম আর রকি জানান, শুক্রবার সকাল ১১টায় শহরের টাইম স্কয়ার টাওয়ারে নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাদেকুল ইসলামের সভাপতিত্বে এক সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয়েছে।

করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা করোনার প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনার অংশ হিসেবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলাসহ অন্য সব নির্দেশনা বাস্তবায়নে নিকলীতে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকীর নেতৃত্বে নিকলী উপজেলার বিভিন্ন বাজারে এ কর্মকাণ্ড চালানো হয়। এই বিষয়ে ওসি শামছুল আলম সিদ্দিকী বলেন, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা পলাশবাড়ীতে মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম সরকার প্রমুখ।

রাজবাড়ীতে মাঠ দিবস

রাজবাড়ী প্রতিনিধি সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নে মসুর ফসলের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান। মুলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোফাখারুল ইসলাম।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মামুন মোল্লা, ডা. সৈকত জয়ধর, ডা. সমীরন হালদার, ডা. ফয়সাল ফাহাদ চৌধুরী প্রমুখ।

করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর পৌরসভার উদ্যোগে করোনা প্রতিরোধে বিভিন্নসামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন মহল্লা ও বাজারে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। শুক্রবার দিনব্যাপী এসব সামগ্রী বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে করোনাসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র অ্যাড.সাখাওয়াত হোসেন সাখো।

মত্স্য খামারিদের মিলনমেলা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা উপজেলার আমিরাবাদে শুক্রবার চট্টলা মত্স্য খামারিদের উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ সময় মত্স্য খামারিরা তাদের অভিজ্ঞতা বিনিময়, বাজার ব্যবস্থাপনা এবং নানাবিধ সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। মত্স্য খামারি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা মত্স্য কর্মকর্তা মো. শরিফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা মত্স্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

বিশ্ব অটিজম দিবসে আলোচনা

জয়পুরহাট প্রতিনিধি শুক্রবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটে ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে ভার্চুয়ালি জুম অ্যাপস ব্যবহার করে এক আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিমের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রমুখ।

 

 

০