রমনা বটমূলের ‘ইত্যাদি’

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৪৮

বিনোদন রিপোর্ট

 

অনেক আগেই স্টুডিওর বাইরে গিয়ে অনুষ্ঠান ধারণ করার রীতি চালু করেছে ইত্যাদি টিম। দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে মঞ্চ নির্মাণ করে প্রতিটি পর্ব ধারণ করে তারা। সেই ধারাবাহিকতায় সংস্কৃতি ও সংগ্রামের ঐতিহাসিক স্থান রমনার বটমূলে ২০১১ সালে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব। আমাদের বিভিন্ন লোকজ উপাদান দিয়ে নির্মিত মঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই পর্বটি ধারণ করা হয়। যেহেতু ‘ইত্যাদি’র এই পর্বটি বৈশাখ মাসে রমনার বটমূলে ধারণ করা হয়েছিল তাই অনুষ্ঠানে আমাদের কৃষ্টি, লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বাংলা নববর্ষ ও বৈশাখকে প্রধান্য দেওয়া হয়েছে।

বিষয়বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। রংপুর বেতারাঞ্চলে প্রতিষ্ঠিত লালমনিরহাট জেলার চন্দনপাট কালিস্থানে গড়ে ওঠা বাল্যবিবাহ প্রতিরোধ আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব-এর ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। এই ক্লাবের সদস্যরা বেতারের অনুষ্ঠান শুনে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখেন। জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ১১০ বছরের বৃদ্ধ আব্দুল লতিফ ও তার ৮৩ বছরের পুরনো সাইকেলের ওপর রয়েছে একটি চমত্কার প্রতিবেদন। যিনি এই বয়সেও তার সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে বেকার এবং অলস যুবকদের বিভিন্ন উপদেশ প্রদান করেন। রয়েছে বাঘেরহাটের ফকিরহাট থানার প্রচারবিমুখ লোকযন্ত্রশিল্পী নিখিল কৃষ্ণ মজুমদারের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। যিনি নিভৃত পল্লীতে থেকেও দেশীয় সংস্কৃতির চর্চা ও বিকাশের স্বার্থে কাজ করছেন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা, হানিফ সংকেতের সুর এবং রাজেশ ও মেহেদীর সংগীতায়োজনে গানটি গেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। টিভিপর্দায় যার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল ইত্যাদির মাধ্যমেই। রয়েছে ওয়াসেক ও তার দল পরিবেশিত একটি দৃষ্টিনন্দন লোকনৃত্য। এছাড়া রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র, দর্শক পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদির এই পর্বটি আগামীকাল রাত ১০টার ইংরেজি সংবাদের পর একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।