ভালোমানের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা কম

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৪৯

বিনোদন রিপোর্ট

 

উপস্থাপক ও লেখক মনি হায়দার দীর্ঘদিন ধরে কাজ করছেন নিজের মতো করেই। ‘শিল্পবাড়ি’ শিরোনামের একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন। পাশাপাশি প্রতিটি বইমেলায় তার একাধিক বই প্রকাশ পাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারের বইমেলাতেও তার একাধিক বই প্রকাশ পেয়েছে। বাংলা একাডেমিতে কর্মরত গুণী এই লেখক নিজের সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ‘এবারের বইমেলাতে আমার ৪টি বই প্রকাশ পেয়েছে। এরমধ্যে দীর্ঘ ২৫-৩০ বছর ধরে যে গল্পগুলো লিখেছি সেখান থেকে ৫০টি গল্প নিয়ে গল্প পঞ্চাশ নামের একটি বই প্রকাশ করেছি। এছাড়া মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কিংবদন্তী ভাগিরথীসহ ৪টি বই প্রকাশ করলাম।’

নানা মাধ্যমে বিচরণ করা হায়দার নিজেকে আসলে কোন মাধ্যমে প্রকাশ করতে চান?—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের দেশে তো উপস্থাপনা, লেখালেখি, নাটক করে তো আর সংসার চলবে না। ভালোমানের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতাও কম রয়েছে। সে কারণে চাকরি করতেই হয়। এর পাশাপাশি আমি লেখক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। কথাসাহিত্যিক হিসেবে বেঁচে থাকতে চাই। তবে আমি যে অনুষ্ঠানটি উপস্থাপনা করি সেটাও কিন্তু লেখালেখির মানুষদের নিয়ে।’ এর বাইরে বেশকিছু নাটকেও লিখেছেন তিনি। আমাদের দেশের নাটক লেখার মানুষদের সেভাবে মূল্যাযন করা হয় না বলে একটা অভিযোগ আগে থেকেই রয়েছে। এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে মনি হায়দার আরো বলেন, ‘লেখার মানুষদের মূল্যায়ন কখনোই করা হয় না। নাটক প্রচারের সময় পরিচালকের বা অভিনেতা-অভিনেত্রীদের ফোকাস করা হয়, কিন্তু যে মানুষটি সৃষ্টি করলো তাকে আড়ালেই রাখা হয়। আমার মনে হয় এই বিষয়টিতে একটু নজর দিলে আরো ভালো কিছু সৃষ্টি হবে।’