আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৫০

সোহেল সারোয়ার চঞ্চল

নিউজিল্যান্ডে দেশের ক্রিকেট হতাশা দিয়েছে। মুশফিক, সৌম্যরা ক্রিকেট অনুরাগীদের একটুকু সান্ত্বনা দিতে পারেননি। নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে উঠেছিল। ট্রফি জয়ের সম্ভাবনাও ছিল। ফাইনালে বাংলার ফুটবলারদের খেলা দেখে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক। এমন পরিস্থিতিতে নারী ক্রিকেটে টেস্ট মর্যাদা পাওয়ার খবর যেমন ভালো লাগা দিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ট্রফি জয় করে ক্রিকেট ফুটবল ব্যর্থতার মধ্যে দারুণ একটা সাফল্য এনে দিয়েছে। জাতীয় খেলা কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।

ভলিবল কোটে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপরাজিত চ্যাম্পিয়ন। ইউরোপীয়ান দল, আফ্রিকান দল ও দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা এবং নেপালকে হারিয়ে ফাইনালে উঠে আরো একবার আফ্রিকান দলকে হারাল বাংলার কাবাডি খেলোয়াড়রা।

ফাইনালের রংটা উত্সবে পরিণত করেছেন তুহিন, মইন, জাকির, মনিরুল, আরিফ, রবিউল, হাসান, ফেরদৌস, মিজানুর, মেহেদী, জুয়েল, রাজিবরা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন মাসুদ রানা এবং আরদুজ্জামান। দেশে এখন নবম বাংলাদেশ গেমস চলছে। ক্রীড়া উত্সবের মাঝে কাবাডি আন্তর্জাতিক ট্রফি জয় করে দুর্দান্ত একটা সুখবর দিয়েছে। বাংলাদেশ গেমসটাকে আরো বেশি রাঙিয়ে দিয়েছে। তিনটি মহাদেশের দল নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে এই আয়োজন করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। নিজেরা আয়োজক হয়ে নিজেরাই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অনেক বেশি আকর্ষণ। জাতীয় খেলা কাবাডি এবারই প্রথম আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে বাংলাদেশ এশিয়ান গেমস কাবাডি হতে পদক এনেছিল। কিন্তু আন্তর্জাতিক ট্রফি জয়ের সুখবরটি এবারই প্রথম এসেছে।

পাঁচ দেশ নিয়ে আয়োজিত টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুই দল ফাইনাল খেলেছে। কেনিয়ার বিপক্ষে লিগ ম্যাচেও জিতেছিল বাংলাদেশ। তাই কেনিয়া এবং বাংলাদেশ দুই দলই দুই দলের শক্তিমত্তা জানা ছিল। যে কারণে নাটকীয় ফাইনালে কঠিন লড়াই হয়েছে।

চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ যখন কাবাডি ম্যাটের ওপর উল্লাস করছিল তখন একই ম্যাটে রানার্সআপ হওয়ার আনন্দে মেতে উঠে কেনিয়ার খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সংগীতের সুরে বাংলাদেশের খেলোয়াড়রা নেচে গেয়ে উঠলেন। আনন্দে মেতে গেলেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। ভারতীয় কোচ সাজুরাম গয়াত বলেন, ‘সেরা দল হিসেবেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে তারা। আশাকরি ভবিষ্যতে বাংলাদেশ দল তাদের হারানো গৌরব ফিরে পাবে।’