রিয়াল-বার্সার সঙ্গে যোগাযোগ হাল্যান্ড শিবিরের

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৫৮

স্পোর্টস ডেস্ক

বরুশিয়া ডর্টমুন্ড ফরওয়ার্ড আর্লিং হাল্যান্ডের দলবদলের ব্যাপারে কথা বলতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সভাপতিদের সঙ্গে যোগাযোগ করেছেন তার এজেন্ট মিনো রায়োলা এবং বাবা আলফ ইন হাল্যান্ড। গত বৃহস্পতিবার একই দিনে এই দুই স্প্যানিশ দলের অফিসে গিয়ে কথা বলেছে হাল্যান্ডের প্রতিনিধিরা। এই মুহূর্তে ইউরোপীয় ফুটবলে উজ্জ্বলতম তরুণ নক্ষত্রদের একজন, ২০ বছর বয়সি হাল্যান্ডকে দলে ভেড়ানোর দৌড়ে আছে রিয়াল-বার্সাসহ প্রায় অর্ধডজন বড় ক্লাব।

মার্কাসহ একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবার প্রথমে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে কথা বলেছেন হাল্যান্ডের এজেন্ট এবং বাবা। এই বৈঠকে হাল্যান্ডকে দলে ভেড়ানোর ব্যাপারে পূর্ণ ইচ্ছাপ্রকাশ করেছেন লাপোর্তা। বার্সাকে আবার ইউরোপীয় পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে হাল্যান্ডের মতো একজন তরুণ তারকাকেই লাগবে বলে মানছেন তিনি। তবে মিনো রায়োলার পক্ষ থেকে জানানো হয়েছে আরো বেশ কিছু ক্লাবের হর্তাকর্তাদের সঙ্গে সশরীরে যোগাযোগ করবেন তারা। এরপর সামনের দলবদলে সিদ্ধান্ত নিবেন।

এদিকে সামনের গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের মূল লক্ষ্য হিসেবে থাকছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেই। এই পিএসজি তারকাকে না পেলে হাল্যান্ডকে দলে ভেড়ানোর কথা ভাববে মাদ্রিদ শিবির। স্পেন শেষে ইংল্যান্ড ও ইতালির ক্লাবগুলোর সঙ্গেও যোগাযোগ করবে হাল্যান্ডের প্রতিনিধিরা। ম্যানচেস্টার সিটি, চেলসি ও জুভেন্তাসের মতো দলের ইচ্ছা তালিকায় আছেন হাল্যান্ড।