চট্টলা ইস্ট জোনের জয়

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ক্রিকেট ডিসিপ্লিনের পুরুষ বিভাগের খেলায় জয় পেয়েছে চট্টলা ইস্ট জোন। গতকাল বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনকে ৬৩ রানে পরাজিত করেছে চট্টলার দলটি।

গতকাল টস জিতে আগে ব্যাট করা চট্টলা ইস্ট জোন হূদয় দে ও রিহাদ খানের জোড়া হাফ সেঞ্চুরিতে ৪৯.৫ ওভারে ২৬৯ রান তুলেছিল। দুজনই নার্ভাস নাইনটিজের শিকার হয়ে সেঞ্চুরি হারিয়েছেন। হূদয় দে ১৪৩ বলে ৯৪ রান (৮ চার, ২ ছয়), রিহাদ খান ১১৩ বলে ৯৩ রান (৪ চার, ৫ ছয়) করেন। এছাড়া মইনুল হাসান ১৮, রেদওয়ান ২১ রান করেন। জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের শাহরিয়ার আলম ৪২ রানে ৫টি, আবু বকর-তৌফিক ২টি করে, সানজিদুর ১টি উইকেট পান।

রান তাড়া করতে নেমে ৪৬.২ ওভারে ২০৬ রানে অলআউট হয়ে যায় জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। আরিফুল ইসলাম ৬৭, আমির হোসেন ২২, সাগর আহমেদ ২০, মাকসুদুর রহমান ১৫, রায়হান সিদ্দিক ১৪, সানজিদুর অপরাজিত ১৪ রান করেন। চট্টলা ইস্ট জোনের পক্ষে মুস্তাকিম মিয়া ৩টি, আহমেদ শরীফ-মাজহারুল হক ২টি করে, আশরাফুল, রেদওয়ান, মুস্তাফিজুর ১টি করে উইকেট নেন। বিজয়ী দলের রিহাদ খান ম্যাচ সেরা হন।

গত বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে বরেন্দ্র নর্থ জোনের কাছে হেরেছিল চন্দ্রদ্বীপ সাউথ জোন। আগামীকাল চট্টলা ইস্ট জোনের বিরুদ্ধে মাঠে নামবে চন্দ্রদ্বীপ সাউথ জোন। ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।