ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে ১৬ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করেছেন চাষিরা। খেতে সুষ্ঠু সেচ অব্যাহত রাখতে চাষিদের পাশে রয়েছে ধামরাই পল্লীবিদ্যুত্ সমিতির কর্মীরা। সমিতির ধামরাই জোনাল অফিসের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘বোরো খেতে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে আমাদের কর্মীরা সবসময় প্রস্তুত রয়েছেন।’ উপজেলা কৃষক লীগ, আলমখালি পানি বণ্টন সমিতি লিমিটেডের সাবেক সভাপতি আহাম্মদ হোসেন জানান, সেচ ব্যবস্থায় বিদ্যুত্ সরবরাহের অবস্থা ভালো। ছোটখাটো কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিদ্যুত্কর্মীরা ঠিক করে দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুল হাসান জানান, উপজেলার কোনো এলাকার বোরোচাষিদের কাছ থেকে এখন পর্যন্ত বৈদ্যুতিক সমস্যার কোনো অভিযোগ পাওয়া যায়নি।
