ইত্তেফাক রিপোর্ট
সাভারে একটি পেঁয়াজবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৮৮০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হেরোইন বহনকারী ট্রাকটি জব্দ করা হয়। গতকাল র্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলো—চাপাইনবাবগঞ্জ জেলার মো. নবাব ও রাজশাহী জেলার নাহিদ ইসলাম।
র্যাব জানায়, সাভারের আমিনবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় সন্দেহভাজন পেঁয়াজ ভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যমানের ৮৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় মাদক কারবারিতে ব্যবহূত ট্রাকটি।
জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবত্ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে পেঁয়াজ পরিবহনের আড়ালে হেরোইনসহ অবৈধ মাদকদ্রব্য এনে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
