এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানিতে শুল্ক বসবে প্রায় ৯ শতাংশ

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:১২

কোইকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ২০২৬ সাল নাগাদ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে। এলডিসি থেকে বের হওয়ার পর বর্তমানে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপসহ বেশকিছু দেশে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা থাকবে না। বিশ্বব্যাংকের তথ্যের বরাত দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের রপ্তানিকৃত পণ্যে গড়ে ৮ দশমিক ৯ শতাংশ শুল্ক বাড়বে। সব মিলিয়ে বাংলাদেশ ১ হাজার ৮০৬ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ (স্থানীয় মুদ্রায় প্রায় সোয়া ১৫ হাজার কোটি টাকা) ক্ষতির মুখে পড়তে পারে। বৃহস্পতিবার রাতে গুলশানের একটি হোটেলে কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের উপসচিব মো. আসাদুজ্জামান সরকার। এর বাইরে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের ওপর সার্বিকভাবে কী ধরনের প্রভাব পড়তে পারে, তাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে এ সব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য বেশকিছু পদক্ষেপের পরামর্শও ওঠে আসে তার বক্তব্যে।

কোইকা প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলডিসি থেকে উত্তরণের জন্য কোরিয়া বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণ শীর্ষক ঐ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন, বাংলাদেশে নিযুক্ত কোয়াির রাষ্ট্রদূত লি জাং কুন, কোরিয়া বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কেবিএএ) সভাপতি ও সংসদ সদস্য মঞ্জুর হোসেন এবং কোইকার কান্টি ডিরেক্টর ড ইয়ং আ প্রমুখ।