তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ধর্মের নামে নৈরাজ্য সৃষ্টিকারীরা কখনো সফল হবে না। গতকাল শুক্রবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদান, উপজেলা পরিষদ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার ও মত্স্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় মত্স্যচাষিদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, ধর্মের নামে বিএনপি-জামায়াতসহ একটি মহল গণ্ডগোল লাগিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টি করে মানুষের ঘরবাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারা হাটহাজারী ভূমি অফিসে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে দিয়েছে, ফায়ার সার্ভিসে আগুন লাগিয়েছে, এই বিষয়গুলো কখনো ইসলাম সমর্থন করে না। তিনি আরো বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে, যারা স্বাধীনতাবিরোধী, সেই বিএনপি-জামায়াত চক্র এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আর তাদের সহযোগিতায় একটি মহল ইসলামের নামে গণ্ডগোল সৃষ্টি করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। দেশের সাধারণ জনগণ তা বোঝে এবং জনগণই এসব নৈরাজ্য প্রতিহত করবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে যারা ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিল করতে চায়, তাদের সেই অপচেষ্টা কখনোই সফল হবে না। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদারের সঞ্চালনায়, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আয়শা আকতার, রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল অফিসার আনোয়ার ইসলাম শামীম, যুবলীগের সভাপতি মো. শামসুদ্দোহা সিকদার আরজু প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে
এদিকে শুক্রবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে রাঙ্গামাটির কাপ্তাইয়ে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সমাজে পিছিয়ে থাকা মানুষের জন্যও কাজ করতে হবে। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন মিয়া, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণে অংশ নেওয়া কাপ্তাই, রাঙ্গুনিয়া, কাউখালী, রাজস্থলী এবং রাউজান উপজেলার ৩৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীর মধ্যে সনদপত্র বিতরণ করেন।
