পুরো দেশের সাংবাদিক সমাজকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, সাংবাদিকদের মধ্যে বিভক্তি আছে বলেই দুষ্কৃতিকারী-মৌলবাদীরা তাদের ওপর হামলার সাহস পায়। সাংবাদিকরা কেনো টার্গেট হবে? কেনো সাংবাদিকদের গাড়ি পোড়াবে? পেশার কাজে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন। তার নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শন করেন। এসময় প্রেস ক্লাবে হামলার বিষয়টি জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের কাছে বর্ণনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এছাড়াও হেফাজত কর্মী-সমর্থকদের হামলার শিকার প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি তার ওপর হামলার বিবরণ দেন। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ পেশাকে টিকিয়ে রাখতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পেশাগত কাজের ক্ষেত্রে আমরা এক হয়ে দায়িত্ব পালন করব। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, নির্বাহী সদস্য আইয়ুব ভুঁইয়া, নির্বাহী সদস্য রেজানুর রহমান, সৈয়দ আবদাল আহমেদ, শাহনাজ বেগম পলি, শাহনাজ সিদ্দীক সোমা, সিনিয়র সদস্য জাহাঙ্গীর খান বাবু, সিনিয়র সাংবাদিক জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
