বাংলাদেশ ব্যাংকসহ দুই শতাধিক প্রতিষ্ঠানে সাইবার হামলা!

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:৩৬

সাইবার হামলার শিকার হয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদাতা সামিট কমিউনিকেশনসহ দুই শতাধিক প্রতিষ্ঠানে হ্যাকাররা আক্রমণ করেছে। কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডি সার্ট জানিয়েছে, ‘হাফনিয়াম’ নামের হ্যাকার গ্রুপ এই হামলা চালিয়েছে। তবে কবে থেকে সাইবার হামলা হয়েছে—সে বিষয়ে প্রযুক্তিবিদগণ নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি। এই হামলায় কী ক্ষতি হয়েছে-তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) তারেক এম বরকতউল্লাহ বলেন, সাইবার হামলায় হ্যাকাররা প্রতিষ্ঠানগুলোর           কী পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে তা অনুসন্ধান চলছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সার্ভারে ‘হাফনিয়ামে’র অস্তিত্ব পাওয়া গেছে। হামলা ই-মেইলের মাধ্যমে হয়েছে। হ্যাকার গ্রুপ মাইক্রোসফট মেইল সার্ভার থেকে মেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এরা বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের সার্ভারে হামলা করেছে। হ্যাকাররা বাংলাদেশসহ আরো ২২টি দেশ টার্গেট করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়ার মতো দেশও রয়েছে।

এ ব্যাপারে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, এই হামলায় ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে—তা জানা যায়নি। সাইবার হামলায় প্রতিষ্ঠানগুলোর অনেক ডাটা লস হয়। এটা রিকভারি করা যাবে কি-না,  তা খতিয়ে দেখতে হবে।

এ হামলার ফলে বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিরক্ষা, ভারী ও প্রকৌশল শিল্প, বিজ্ঞান ও শিক্ষা খাত, বিদ্যুত্ ও জ্বালানি খাতের অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে। হামলার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দপ্তরগুলোকে চিঠি দিয়েছে বিডি সার্ট। হামলার শিকার প্রতিষ্ঠানগুলো কীভাবে রিকভার করবে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট সার্টের ওয়েব ঠিকানায় দেওয়া হয়েছে। ঐ রিপোর্ট দেখে আক্রান্ত সার্ভারগুলোকে রিস্টোর করা যাবে এবং হ্যাকারদের হাত থেকে মুক্ত থাকার পথও জানা যাবে। বিজিডি ই গভ সার্ট ওয়েবসাইটের ঠিকানা:

https://www.cirt.gov.bd/wp-content/uploads/2021/04/HAFNIUM.pdf