আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:৩৬

ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নিয়ে আগুন নেভানোর প্রশিক্ষণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার সকালে ধানমন্ডিতে মন্ত্রীর নিজ বাসভবনে ফায়ার সার্ভিসের এই মহড়া অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু । তিনি বলেন, মহড়ায় মন্ত্রীর স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্য এবং বাসভবনের কর্মকর্তা-কর্মচারীরাও প্রশিক্ষণ নেন।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল মহড়াটি পরিচালনা করে। দুই ঘণ্টাব্যাপী মহড়ায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, হাতে-কলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরি প্রয়োজনে আমাদের সবারই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত।